নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে আওয়ামী লীগ সরকার কাজ করেছে। আমরা সাধারণ মানুষের জন্য কাজ করছি। কোনো মানুষ অসুবিধায় থাকুক তা আমি চাই না। এ প্রকল্পে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া যাদের জমি ব্যবহার হবে তাদের দ্বিগুণ মূল্যে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এ প্রকল্প বাস্তবায়নে এলাকার জনগণের সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণববনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসনকল্পে বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান অনুষ্ঠান পরিবহন পরিচালনা করেন। এছাড়া সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে এ এলাকার অর্থনৈতিক উন্নয়নে গতি আসবে। কৃষির আমূল পরিবর্তন হবে। ১৬ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদন হবে। ১৬ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হবে। এছাড়া এই এলাকায় লবণাক্ত সহিষ্ণু ধান উৎপাদন হবে।
তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে শুধু নোয়াখালী নয় কুমিল্লা ও খুলনার মানুষও উপকৃত হবেন।

























