মাহেন্দ্র সিং ধোনি ও সুরেশ রায়না শনিবার (১৫ আগস্ট) আচমকা আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমে ধোনি অবসরের সিদ্ধান্ত জানান। খানিকক্ষণ পরই ধোনির দেখানো পথে হাঁটেন রায়না।
মাঠে ও মাঠের বাইরে ধোনি-রায়নার জমাট জুটির কথা সবারই জানা। দুইজনই খুব কাছের বন্ধু। তাদের একসাথে অবসরের ঘোষণা দেওয়ায় কেউই অবাক হননি।
বিষয়টিকে খুব স্বাভাবিকভাবেই দেখেছেন প্রত্যেকে। তবে অনেকেই তাদের সিদ্ধান্তে রহস্যের গন্ধ পাচ্ছিলেন। কেউ কেউ তাদের পারফরম্যান্স মূল্যায়ন করে একেক যুক্তি দাঁড় করাচ্ছিলেন।
তবে জানা গেছে, ধোনি ও রায়না পরিকল্পনা করেই একসাথে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন। কি ছিল সেই পরিকল্পনা? সেই রহস্যকে ঘনীভূত হতে দেননি রায়না। ভারতীয় গণমাধ্যমে রায়না নিজেদের পরিকল্পনার খবর জানিয়ে বলেন, ‘আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিলাম ১৫ আগস্ট অবসরের ঘোষণা দেব। ধোনির জার্সি নম্বর ৭। আমার ৩। দুইজনের জার্সি নম্বর মিলিয়ে হচ্ছে ৭৩। এই ১৫ আগস্ট ভারতের স্বাধীনতার ৭৩ বছর পূর্ণ হল। এর থেকে ভালো দিন তো আর হতে পারে না।’
অবসরের সিদ্ধান্ত জানানোর সময় দুইজন একসাথে চেন্নাই ছিলেন। কিছুদিন পরই শুরু হচ্ছে আইপিএল। দুইজন চেন্নাই সুপার কিংসে খেলবে। তাদের সাথে ছিলেন পিযূষ চাওলা, দীপক চাহার, কর্ণ শর্মা। রায়না জানালেন, অবসরের সিদ্ধান্ত জানানোর পর দুইজন কেঁদেছিলেন।
রায়না বলেন, ‘অবসরের ঘোষণা দেওয়ার পর আমরা একে অপরকে জড়িয়ে ধরি। দুইজন দীর্ঘক্ষণ কেঁদেছিলাম। এরপর পিযূষ, রাইডু, কেদার যাদব, কর্ণ শর্মা একসাথে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছি। পার্টি করে রাত কাটিয়েছি।’
বিশ্বের একমাত্র অধিনায়ক হিসেবে ধোনি টি-টোয়েন্টি বিশ্বকাপ, ওয়ানডে বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জিতেছেন। ধোনি ইনস্টাগ্রামে ৪ মিনিট ৭ সেকেন্ডের ভিডিও দিয়ে লিখেন, ‘আমাকে ভালোবাসা ও সহযোগিতার জন্য ধন্যবাদ। ১৯.২৯ (৭টা ২৯) থেকে আমার অবসর ধরুন।’ ৪ মিনিটের ছোট্ট ভিডিওতে ধোনি নিজের ক্রিকেট ক্যারিয়ার দারুণভাবে ফুটিয়ে তুলেছেন।
ইনস্টাগ্রামে রায়না অবসরের ঘোষণা দিয়ে লিখেন, ‘আপনার সাথে খেলার থেকে মধুর স্মৃতি আর হতে পারে না। অন্তরে নিজেকে নিয়ে গর্ব হচ্ছে। আমি আপনার সফরে নিজেকে শরিক করার সিদ্ধান্ত নিয়েছি। ধন্যবাদ ভারত।’
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত


























