গাজীপুর মহানগরের পূবাইল থানার কুদাব এলাকায় ডাকাতির ঘটনায় স্বর্ণালঙ্কার ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করে ডিএমপি ডিবির একটি বিশেষ টিম ও পূবাইল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয় । এছাড়াও স্বর্ণবিক্রীকৃত দোকানদারকেও আটক করা হয় ।নরসিংদীসহ দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলো, শেখ ফরিদ (৩৫), সাইফুল ইসলাম (৫২), নুরুল আমিন ওরফে নুরা (৩৫), আতিউর রহমান আপেল (৩৭), ইয়াহিয়া ওরফে ইয়াকুব (৪৮), রনি (২৮)।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূঁইয়া সংবাদ সম্মেলনে জানান, গত ১৭ই জুলাই পূবাইলের কুদাব এলাকায় হোসেনউদ্দীন পালোয়ান এর বাড়ি থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার ডাকাতি করে এবং হোসেন উদ্দিন পালোয়ান এর ছেলে ইফতেখার পালোয়ানের গলায় ও রাকিব পালোয়ানের হাতে কুপিয়ে জখম করে। পরে ঐ ঘটনায় মামলা হলে তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সদস্যদের শনাক্ত করে দেশের বিভিন্ন জেলা থেকে ৭ জনকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতিকৃত স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করাসহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয় ।
তিনি আরো জানান, তারা ইতিপূর্বে গাজীপুর সহ বিভিন্ন জায়গায় ডাকাতি করেছে বলে জানায়। এই দলটি একটি পেশাদার ডাকাত দল। এই ডাকাত সদস্যদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক চুরি, ডাকাতি, খুন, দস্যুতা সহ হত্যা মামলা রয়েছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ





















