যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী ‘ফোর্বস’ প্রকাশ করেছে সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা। গত একবছরের হিসাবে এই তালিকায় টেনিসের জয়জয়কার। আয়ের দিক থেকে শীর্ষ দশের ৯ জনই টেনিসের! ১০ নম্বরে আছেন যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা অ্যালেক্স মরগান।
ফোর্বসের প্রকাশিত সর্বোচ্চ বার্ষিক আয়ের তালিকায় শীর্ষে জাপানের টেনিস তারকা নাওমি ওসাকা। ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ২২ বছর বয়সী এই তরুণীর আয় ৩৭.৪ মিলিয়ন ডলার। পরের আটটি স্থানেও টেনিস। দ্বিতীয় স্থানে থাকা সেরেনা উইলিয়ামের আয় ৩৬ মিলিয়ন ডলার।
ওসাকা ও সেরেনা দুজনই আয়ের দিক থেকে গড়েছেন নতুন রেকর্ড। এতদিন নারী ক্রীড়াবিদদের সর্বোচ্চ বার্ষিক আয়ের রেকর্ডটা ছিল মারিয়া শারাপোভার দখলে। এ বছর টেনিসকে বিদায় জানানো রাশিয়ান তারকা ২০১৫ সালে ২৯.৭ মিলিয়ন ডলার আয়ে গড়েছিলেন রেকর্ডটি।
ওসাকা ও সেরেনার পর তালিকায় রয়েছেন যথাক্রমে- অ্যাশলে বার্টি (১৩.১ মিলিয়ন ডলার), সিমোনা হালেপ (১০.৯ মিলিয়ন ডলার), বিয়ানকা আন্দ্রেস্কু (৮.৯ মিলিয়ন ডলার), গ্যাব্রিন মুগুরুজা (৬.৬ মিলিয়ন ডলার), এলিনা সভিতোলিনা (৬.৪ মিলিয়ন ডলার), সোফিয়া কেনিন (৫.৮ মিলিয়ন ডলার) ও অ্যাঞ্জেলিক কেরবার (৫.৩ মিলিয়ন ডলার)।
সেরা দশে টেনিসের বাইরে রয়েছেন ফুটবলের মরগান। গত মে মাসে প্রথম সন্তানের মা হওয়া যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা ৪.২ মিলিয়ন ডলার আয়ে ১০ নম্বরে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত


























