খেলার দুনিয়ায় এখন আলোচিত চরিত্র লিওনেল মেসি। তাঁর বার্সা ছাড়ার ঘোষণা নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। ভক্তরা অপেক্ষায় মেসির চূড়ান্ত সিদ্ধান্ত জানার।
আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা মেসিকে নিয়ে হঠাৎ করেই সামাজিকমাধ্যমে পোস্ট করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আগামী বিপিএল-এ মেসিকে দেখতে চান কিনা দর্শকদের কাছে তা জানতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
এদিকে মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ম্যানসিটি, পিএসজি, ইন্টার মিলান, ম্যানইউ ও জুভেন্টাসের নাম বাতাসে ভাসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানসিটির নাম।
তবে মেসি যেখানেই যাক না কেন, তার ছবি এডিট করে নানা দলে ভেড়ানো হচ্ছে। ফুটবলের এই রাজপুত্রকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাস্তবে নয়, মেসির ছবি এডিট করে নাইট রাইডার্সের জার্সি পরিয়েছে তারা।
এর পর এমন উদ্যোগ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। মেসিকে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলাতে চায়।
বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মেসির ছবি ফটোশপ করে সমর্থকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছে, মেসিকে দলে চান কিনা সমর্থকরা।
তারা লিখেছে– ‘আগামী বিপিএলে লিওনেল মেসিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে দেখতে চান? আমাদেরকে জানান।’
তবে এক দিন পর বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে সেই পোস্টটি মুছে ফেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ। তথ্যসূত্র: টুইটার।


























