আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশের খান আবাদ জেলায় একটি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। এতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া আরো চারজন নিখোঁজ রয়েছেন।
আজ শনিবার জেলা কর্মকর্তা কুদরতুল্লাহ সাফি জানান, শনিবার স্থানীয় সময় ভোরে তালেবান জঙ্গিরা খান আবাদ জেলার দাগারি এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তিনি বলেন, নিখোঁজ হওয়া ওই চার পুলিশ সদস্যকে জঙ্গিরা জিম্মি করে রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অঞ্চলটির স্থানীয়রাও এই সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, শনিবার সকালে ডাগরি গ্রামে তালেবান জঙ্গি ও স্থানীয় পুলিশের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলে। এই সংঘর্ষে উভয় পক্ষই হতাহতের শিকার হয়েছে বলেও জানায় স্থানীয়রা।
উল্লেখ্য, দোহায় আফগান শান্তি আলোচনার মধ্যে তীব্র এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তালেবান।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























