ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের ২৪তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সুনীল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেন দুই অন-ফিল্ড আম্পায়ার। এর আগেও বারবার সন্দেহের শিকার হয়েছেন এই ক্যারিবীয় স্পিনার।
এবারের আইপিএলে নারিনকে সর্তক করা হয়েছে। তবে তার খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে আবারো রিপোর্ট জমা পড়লে পুরো আসরে বল করা থেকে নিষিদ্ধ হতে পারেন নারিন। এই ক্যারিবীয় তারকা স্পিনার কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। পাঞ্জাবের বিপক্ষে ওই ম্যাচে ২ উইকেট নিয়ে কলকাতার জয়ে প্রধান ভূমিকা রাখেন তিনি।
নারিনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশে বিস্মিত কলকাতা টিম ম্যানেজমেন্ট। এক বিবৃতিতে কলকাতা জানিয়েছে, ‘পুরো ব্যাপারে নারিন ও আমরা অবাক। তার বোলিং অ্যাকশন পর্যালোচনার জন্য যে পদ্ধতি অবলম্বন করেছে আইপিএল, তার প্রতি আমরা আস্থাশীল। আইপিএল কর্তৃপক্ষের সঙ্গে এ ব্যাপারে আমরা কাজও করছি। নারিনকে নিয়ে দ্রুত ও সমাধান বেরিয়ে আসবে, এ বিষয়ে আমরা আশাবাদী।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























