মঙ্গলবার দেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম আলোচনার বিষয়বস্তু ছিলো নারী দলের ক্রিকেটার সানজিদা ইসলামের গায়ে হলুদের ফটোশুট। যেখানে দেখা গেছে, গায়ে হলুদের পোশাকেই ব্যাট-বল হাতে মাঠে নেমে পড়েছেন সানজিদা। তার এসব ছবি এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
শুধু দেশের মধ্যেই নয়, রীতিমতো বিশ্বব্যাপী ভাইরাল হয়ে গেছে হলুদের সাজে ব্যাট হাতে করা এই ফটোশুটের ছবি। যা এখন আপলোড করা হয়েছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সামাজিক যোগাযোগ মাধ্যম প্রোফাইল থেকেও। আইসিসির পাশাপাশি জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোতেও চলে গেছে সানজিদার এই অভিনব ফটোশুটের খবর।
নিজেদের টুইটার হ্যান্ডলে সানজিদার গায়ে হলুদের এই বিশেষ ফটোশুটের কয়েকটি ছবি একসঙ্গে কোলাজ বানিয়ে আপলোড করেছে আইসিসি। যেখানে তারা লিখেছে, ‘পোশাক, গহনা এবং ব্যাট- একজন ক্রিকেটারের বিয়ের ফটোশুট যেমন হওয়া মানায়।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























