গাজীপুরে অবৈধ ইটভাটায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। আটটি ইটভাটা গুড়িয়ে দিয়েছে ও ৬২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে এই অভিযান চালানো হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজি তানভির আহমেদ এর নেতৃত্বে গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভা এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদে এই অভিযান চালিয়েছে গাজীপুর জেলা পরিবেশ অধিদপ্তর।
অভিযানে ৮ টি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয় এবং সর্বমোট ৬২ লক্ষ টাকা জরিমানা করে তা আদায় করা হয়। ইটভাটাগুলো হলো মেসার্স ফারুক ট্রেডার্স (এমএসএম ব্রিকস) এর ৬ টি, উমামা ব্রিকস ও আরসিজি ব্রিকস।
অভিযানে উপস্থিত ছিলেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মোঃ আশরাফ উদ্দিন, সহকারী পরিচালক মোঃ মমিন ভূঁইয়া, পরিদর্শক শেখ মোজাহিদ ও দিলরুবা আক্তার।
আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন গাজীপুর জেলা পুলিশ, গাজীপুর র্যাব-১ ও গাজীপুর ফায়ার সার্ভিস এর সদস্যবৃন্দ।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















