ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে এমনিতেই আর্জেন্টিনাসহ গোটা বিশ্ব কাঁদছে। এর মধ্যেই আর্জেন্টিনা থেকে এল আরেকটা দুঃসংবাদ। আর্জেন্টিনাকে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে তোলা কোচ আলেহান্দ্রো সাবেয়া আর নেই। কার্ডিওভাসকুলার ইনস্টিটিউট অব বেলগ্রানো হাসপাতালে দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করার পর অবশেষে হার মেনেছে তাঁর ৬৬ বছর বয়সী শরীর।
পায়ে তরল জমে ফুলে যাওয়ায় তাঁকে গত মাসের শেষ দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে আস্তে আস্তে কিডনি, শ্বাসনালি ও হৃদ্যন্ত্রের বিভিন্ন সমস্যা ধরা পড়ে।
তিন বছর আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন সাবেয়া। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে তুলেছিলেন মেসিদের, অতিরিক্ত সময়ে গোল খেয়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে সেবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর স্বপ্ন পূরণ হয়নি সাবেয়ার। ওই ম্যাচের পর কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি।
হৃদ্রোগজনিত সমস্যায় আলেহান্দ্রো সাবেয়া ভুগছিলেন অনেক দিন ধরেই। বুয়েনস এইরেসে হৃদ্রোগ হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিয়েছেন।
এর আগে ম্যারাডোনার মৃত্যুর পর আর্জেন্টিনার ক্রীড়া সংবাদকর্মী ফেনো তারতাগ্লিয়া টুইট করে জানিয়েছিলেন সাবেয়ার অসুস্থতা নিয়ে, ‘সাবেয়া গত রাতে ডিয়েগোর মৃত্যুতে ভীষণ ভেঙে পড়েন, হৃদ্রোগের সমস্যা থাকায় চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি হতে বলেন। বিপদ এড়াতে বেলগ্রানোর হাসপাতালে নানা শারীরিক পরীক্ষা করার কথা বলেছেন।’
বিজনেস বাংলাদেশ/ এ আর


























