বুন্দেসলিগায় হোঁচট খেয়েছে বায়ার্ন মিউনিখ। ১-১ গোলে ড্র করেছে ইউনিয়ন বার্লিনের বিপক্ষে। তারপরও গোল ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে বাভারিয়ানরা।
বুন্দেসলিগায় জয়ের ধারায় ফিরতে ইউনিয়ন বার্লিনের মাঠে আতিথ্য নেয় বায়ার্ন মিউনিখ। যেখানে ম্যাচে কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়ে বায়ার্ন। মাত্র ৪ মিনিটেই বার্লিনের হয়ে লিড আনেন প্রোমেল।
আগের ম্যাচে লাইপজিগের বিপক্ষে ড্র করে পয়েন্ট খোঁয়ানো বাভারিয়ানরা এ ম্যাচে জয়ের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে মাঠে নামে। পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে ফ্লিক বাহিনী। ৮ মিনিটে সুযোগও পেয়েছিল তারা। তবে, তা আলোর মুখ দেখেনি গ্যান্যাব্রির ভুলে।
প্রথমার্ধ্বের শেষদিকে বেশকিছু সুযোগ তৈরি করে ছিল বায়ার্ন। কিন্তু তার একটিও জালের ঠিকানা খুঁজে পায়নি। অবশেষে বিরতির পর ৬৭ মিনিটে বায়ার্নের গোল মুখ খোলেন লেওয়ানদোস্কি। তার গোলেই সমতায় ফেরে বর্তমান চ্যাম্পিয়নরা।
এরপর আর বলার মত তেমন কোন সুযোগ আসেনি বায়ার্নের সামনে। ফলে ড্র নিয়ে ঘরে ফেরে বাভারিয়ানরা।


























