চেন্নাই টেস্টে বড় জয়ের পথে রয়েছে ভারত। যেখানে সিরিজের দ্বিতীয় টেস্টের এখনো দুই দিন বাকি থাকলেও ইংল্যান্ডকে ৪৮২ রানের বিশাল লক্ষ্য দিয়েছে বিরাট বাহিনী। আর এই লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও সফরকারীদের ধস নেমেছে।
সোমবার ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৫৩ রান। বাকি সাত উইকেটে জিততে হলে ইংল্যান্ডকে করতে হবে ৪২৯ রান।
প্রথম ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরিতে ৩২৯ রান করে ভারত। জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় মাত্র ১৩৪ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে ভারত সংগ্রহ করে ২৮৬ রান। দলের হয়ে সেঞ্চুরি করেন স্পিনার রবীচন্দ্রন অশ্বিন।
বড় টার্গেটে ব্যাট করতে নেমে ৫০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। দলীয় ১৭ রানে প্রথম বিদায় নেন ওপেনার ডম সিবলি। অক্ষর প্যাটেলের বলে আউট হওয়ার আগে ২৫ বলে তার সংগ্রহ মাত্র তিন রান। এরপর ররি বার্নসকে কোহলির হাতে মুঠোবন্দী করান স্পিনার অশ্বিন। ৪২ বলে ২৫ রান করে ফেরেন তিনি। দিনের অপর উইকেটটিও নিয়েছেন প্যাটেল। জ্যাক লিচকে তিনি দেন গোল্ডেন ডাকের স্বাদ। ইংল্যান্ডের হয়ে এখনো ব্যাট করছেন অধিনায়ক জো রুট (২) ও ড্যান লরেন্স (১৯)।
এর আগে দিনের শুরুতে এক উইকেট হারিয়ে ৫৪ রানে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা ভারত নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছিল। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাটিং করে যান দলনেতা বিরাট কোহলি। সপ্তম উইকেট জুটিতে তিনি অশ্বিনের সঙ্গে ৯৬ রানের পার্টনারশিপ গড়ে দলকে ভালো অবস্থানে নেন। যদিও ব্যক্তিগত ৬২ রান করে মঈন আলীর শিকার হন।
কোহলি বিদায় নিলেও লেজের ব্যাটসম্যানদের নিয়ে সংগ্রাম চালিয়ে যান অশ্বিন। শেষ পর্যন্ত তুলে নেন সাদা পোশাকের ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি। পরে দলের শেষ ব্যাটসম্যান হিসেবে অলি স্টোনের বলে বোল্ড হন। ডানহাতি এই ব্যাটসম্যান ১৪৮ বলে ১৪টি চার ও একটি ছক্কায় ১০৬ রান করেন।
বল হাতে ইংল্যান্ডের হয়ে চারটি করে উইকেট নেন জ্যাক লিচ ও মঈন আলী। এক উইকেট পান স্টন।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























