বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করেছেন। বসন্ত আর ভালোবাসার দিনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ ‘ব্যাডবয়’ খ্যাত তারকা অলরাউন্ডার নাসির হোসেন।
রাজধানীর উত্তরার একটি রেস্তোরাঁয় স্বল্প পরিসরে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কনের নাম তামিমা তাম্মি। পেশা বিমানের কেবিন ক্রু। কাজ করেন সৌদি এয়ারলাইন্সে।
জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করে নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে কনের সঙ্গে ছবি আপলোড করেছেন নাসির। ক্যাপশনে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন।’
গত বছর সেপ্টেম্বরে সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে এক তরুণীকে নিয়ে পোস্ট দিয়েছিলেন নাসির। যদিও মিনিট দশেক পর ওই পোস্ট মুছে ফেলেন নাসির। শেষ পর্যন্ত তার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ক্রিকেটের এই ব্যাডবয়।
পারিবারিকভাবেই বিয়ে ঠিক করা ছিল নাসিরের। মহামারি করোনার কারণে স্বল্প পরিসরেই ছোট অনুষ্ঠান আয়োজন করে সম্পন্ন হয়েছে আকদ। আগামী ২০ ফেব্রুয়ারি বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবে নাসিরের পরিবার। তার আগে যৌথভাবে গায়ে হলুদের আনুষ্ঠানিকতা সারা হবে ১৭ ফেব্রুয়ারি।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























