ইনজুরির কারণে সাম্প্রতিক সময়ে ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটার জাতীয় দলের বাইরে। রবীন্দ্র জাদেজা কিংবা মোহাম্মদ শামি সবাই দলের বাইরে। এই সুযোগে আত্মপ্রকাশ করেছেন মোহাম্মদ সিরাজ, শুভমান গিল, শার্দুল ঠাকুর, ওয়াশিংটন সুন্দরের মতো তরুণ তারকারা। আর এসব তারকাদের তৈরি করার পেছনের নায়ক হলেন রাহুল দ্রাবিড়।
সৌরভ গাঙ্গুলী যেমন বোর্ড সভাপতি হিসেবে ভারতীয় ক্রিকেটের প্রশাসন দারুণভাবে নিয়ন্ত্রণ করছেন। তেমনই রাহুল দ্রাবিড় জুনিয়র ক্রিকেটারদের প্রশিক্ষণ দিয়ে তৈরি করছেন জাতীয় দলের জন্য। এনসিএর প্রধান হিসেবে যুব ক্রিকেটারদের গড়ে তোলার দায়িত্ব এখন দ্রাবিড়ের কাঁধে। তার কোচিংয়েই প্রস্ফুটিত হয়েছেন শুভমান গিল, মোহাম্মদ সিরাজ, পৃথ্বী শ-রা। অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর বিসিসিআই প্রেসিডেন্টের মুখে তাই রাহুল দ্রাবিড়ের উচ্ছসিত প্রশংসা।
সৌরভ বলেছেন, ‘সবসময় বলেছি দ্রাবিড় এনসিএতে দুর্দান্ত কাজ করেছে। জাতীয় দলের দ্বিতীয় সারির ক্রিকেটারদের দারুণ পরিচর্যা করেছে। মোহাম্মদ সিরাজের প্রতিভা নিয়ে কোনো সংশয়ই নেই। শার্দুল ঠাকুর যখনই সুযোগ পেয়েছে দারুণ সদ্ব্যবহার করেছে। আমরা এতদিন বুমরাহর অপরিহার্যতার কথা বলতাম। কিন্তু অস্ট্রেলিয়ায় আমরা বুমরাহকে ছাড়াই জিতেছি। শেষ টেস্টে ইশান্ত শর্মাও ছিল না। মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুররাই অজিদের হারিয়ে দেয়। অস্ট্রেলিয়ার মাটিতেই অস্ট্রেলিয়াকে হারিয়েছি আমরা। এটা স্মরণীয় হয়ে থাকবে।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























