দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় ক্রিকেটার মিতালি রাজ। শুক্রবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৩৬ রান করেই এই কীর্তি গড়েন তিনি।
দশ হাজারের মাইলফলক ছুঁতে মিতালির দরকার ছিল ৩৫ রান। তিনি দরকারের চেয়ে মাত্র এক রান বেশি করেই সাজঘরে ফিরে যান। তার আগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে দশ হাজারের কোটা পূর্ণ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক কারলোটি এডওয়ার্ড।
দেশের পক্ষে দারুণ এই কীর্তি গড়ার পথে মিতালি খেলেছেন ২১২ ওয়ানডে ম্যাচ। সেখান থেকে তিনি রান করেছেন ছয় হাজার ৯৭৪। এছাড়া ৮৯ টি-২০ খেলে তিনি করেছেন দুই হাজার ৩৬৪ রান। ভারতীয় দলের হয়ে ১০টি টেস্টও খেলেছেন মিতালি রাজ। করেছেন ৬৬৩ রান। তার টেস্টে সর্বোচ্চ ইনিংস ২১৪!
পুরুষ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান করার কীর্তি গড়া শচীন টেন্ডুলকার ১০ হাজার রান করায় মিতালিকে শুভেচ্ছা জানিয়েছেন। ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৩৮ বছর বয়সী মিতালিকে নিয়ে তিনি টুইট করেছেন, ‘মিতালি তোমার জন্য হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। অসাধারণ অর্জন। আরও শক্ত হয়ে খেলে যাও।’
বিজনেস বাংলাদেশ/ এ আর

























