বাছাইপর্বে বড় ধাক্কা খেলো জার্মানি। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে হারলো ২-১ গোলে। এ হারে, গ্রুপের তিন নম্বরে নেমে গেলো জোয়াকিম লো বাহিনী।
রোমানিয়া আর আইসল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাছাইপর্বের শুরুটা দুর্দান্তভাবে করেছিলো জার্মানি। নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে তাই, আত্মবিশ্বাসে টই-টুম্বুর ছিলো জোয়াকিম লো বাহিনী। তাদের সেই অতিরিক্ত আত্মবিশ্বাসটাই কাল হলো শেষ পর্যন্ত।
প্রতিপক্ষ যেমনই হোক, স্কোয়াড নিয়ে কোন পরীক্ষাতেই যালনি জার্মান বস। ন্যাব্রি, কিমিচ, গোরেতজেকা, হাভার্টজ সবাই ছিলেন শুরুর একাদশে। ফলাফল, চরমভাবে ম্যাচে আধিপত্য বিস্তার করে ডাই ম্যানশেফটরা। কিন্তু আদৌতে তার কোন প্রভাব পড়েনি মেসিডোনিয়ার ডি বক্সে। কারণ, জার্মান ফরোয়ার্ডদের পিচ্ছিল পা। একের পর এক বল অন টার্গেটে রাখতে ব্যর্থ হন তারা।
পালটা জবাব দেয় অতিথিরাও। কিন্তু বারবার জার্মানদের ত্রাতা হয়ে দাঁড়ান টের স্টেগেন। তবে, প্রথমার্ধ্বের যোগ করা সময়ে এসে আর পারেন নি বার্সেলোনার গোলরক্ষক। বার্ধির বাড়ানো বলে হালকা টোকায় স্কোর করেন পান্ডেভ। এগিয়ে যায় মেসিডোনিয়ানরা। বাছাইপর্বের প্রথম গোল হজম করে জার্মানি।
বিরতি থেকে ফিরে গোল শোধের নেশায় হামলে পড়ে জার্মানরা। বিধাতাও মুখ তুলে তাকায় তাদের দিকে। ৬৩ মিনিটে স্পট কিক পায় স্বাগতিক দল। গুন্দোয়ানের গোলে সমতায় ফেরে তারা।
৮০ মিনিটে এগিয়ে যাওয়ার সেরা সুযোগটা পেয়েছিলো জার্মানি। কিন্তু কিমিচ-গুন্দোয়ান আর ওয়েরনারের বোকামিতে বেঁচে যায় নর্থ মেসিডোনিয়া। উলটো ৫ মিনিট পর দ্বিতীয় গোল হজম করে বসে জোয়াকিম লো’র দল। কর্ণার থেকে পাওয়া বলে দুরন্ত শটে জার্মানদের লজ্জায় ডোবান এলমাস।
দুর্দান্ত জয় নিয়ে মাঠ ছাড়ে নর্থ মেসিডোনিয়া।তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্মেনিয়া। পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে দ্বিতীয় স্থানে নর্থ মেসিডোনিয়া; আর তৃতীয় জার্মানি

























