ভারোত্তোলনের প্রথম দিনেই স্ন্যাচে দুটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪৯ কেজি ওজন শ্রেণিতে জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর স্মৃতি আক্তার। আর পুরুষ বিভাগে ৬১ কেজি ওজন শ্রেণিতে জাতীয় রেকর্ড গড়েছেন আনসারের মোস্তাইন বিল্লাহ। এদিকে, সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবকটিতে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। স্কেটিংয়ের ১২ ইভেন্টের প্রতিটিতে স্বর্ণ জিতে সেরা হয়েছে বাংলাদেশ আনসার। ভলিবলে পুরুষ বিভাগে শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী, নড়াইল, বিমান বাহিনী ও তিতাস ক্লাব।
নবম বাংলাদেশ গেমসে, ময়মনসিংহ জেলা জিমনেশিয়ামে শুরু হয়েছে ভারোত্তোলন ডিসিপ্লিন। উদ্বোধনী পর্বে, নারীদের ৪৫ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন আনসারের মোল্লা সাবিরা সুলতানা। আর রৌপ্য জিতেছেন সেনাবাহিনীর হামিশা পারভিন। একই ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন বাংলাদেশ জেলের মনিরা রায়।
৪৯ কেজিতে ওজন শ্রেণিতে স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ৬৬ কেজি তুলেছেন সেনাবাহিনীর স্মৃতি আক্তার। সুমী রায় দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মার্শিয়াত ইসলাম।
ভারোত্তোলনের পুরুষ বিভাগে ৬১ কেজি ওজন শ্রেণিতে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন মোস্তাইন বিল্লাহ। বাংলাদেশ আনসারের এই ভারোত্তোলক স্বর্ণ জয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১০৬ কেজি তোলেন। এছাড়া ৫৫ কেজি ওজন শ্রেনীতে প্রথম হয়েছেন বাংলাদেশ আনসারের জাকারিয়া মোড়ল।
সাইক্লিংয়ের শেষ দিনে পাঁচটি ইভেন্টের সবকটিতে রেকর্ড গড়েছেন সেনাবাহিনীর সাইক্লিষ্টরা। আর্মি স্টেডিয়ামে নারীদের ১২০০ মিটার টিম ট্রায়ালে সেনাবাহিনীর শিল্পী খাতুন, সুবর্ণা বর্মা, সমাপ্তি বিশ্বাস ও গীতা রায় ১ মিনিট ৫২ দশমিক ৬৯ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। এর আগে, ২০১৩ সালে আনসারের রেকর্ডটি ছিলো ২ মিনিট ১ দশমিক ১২ সেকেন্ডের।
এদিকে সাইক্লিংয়ে পুরুষদের ১৬০০ মিটার টিম ট্রায়ালে সেনাবাহিনীর ফয়সল হোসেন, আলমগীর হোসেন, মুক্তাদুর আল হাসান ও শরিফুল ইসলাম ২ মিনিট ১৪ দশমিক ৫৯ সেকেন্ডে নতুন রেকর্ড গড়েন। ২০১৮ সালে আগের রেকর্ডটি ছিল ৮ মিনিট ৫৩ সেকেন্ডের বিজেএমসির সমাপ্তি বিশ্বাসের।
রোলার স্কেটিংয়ে, রোপ স্কিপিং ও রোলবলের ইভেন্ট শুরু হয়েছে। যেখানে স্কেটিংয়ে ২০০, স্কিপিংয়ে ১০০ ও রোলবলে অংশ নিয়েছেন ৪০০ প্রতিযোগি। স্কেটিংয়ে পুরুষ বিভাগে ৫০০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছেন আনসারের শরিফুল ইসলাম। স্পিড স্কেটিংয়ে রৌপ্য জুবায়ের ও ব্রোঞ্জ জিতেছেন মারুফ। আর নারীদের ৫০০ মিটার স্প্রিন্টে আনসারের আধিপত্য। এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন বৃষ্টি ও ব্রোঞ্জ পায় শ্রেয়া।
এছাড়া পুরুষ দশ হাজার মিটার রোড রেসে প্রথম হন আনসারের মেহেদি। অন্যদিকে, ৫০০০ মিটার রোড রেসে স্বর্ণ জিতেছেন আনসারের জান্নাত জেবিন হিয়া। সবমিলিয়ে স্কেটিংয়ের ১২টি ইভেন্টের প্রতিটিতে স্বর্ণ জিতে সেরা হয়েছে বাংলাদেশ আনসার।
ভলিবলে পুরুষ বিভাগে শুভ সূচনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। নড়াইলে প্রথম খেলায় দিনাজপুর জেলাকে ৩-০ সেটে হারিয়েছে সেনাবাহিনী। পরের ম্যাচে একই ব্যবধানে পঞ্চগড় জেলাকে হারিয়েছে তিতাস ক্লাব। এছাড়া জয় পেয়েছে নড়াইল ও বাংলাদেশ বিমান বাহিনী। এদিকে, নারী বিভাগে পাবনা জেলাকে ৩-০ সেটে হারিয়েছে খুলনা জেলা দল।

























