রাজশাহীতে একটি ডোবায় পড়ে থাকা ড্রামের ভেতর এক তরুণীর লাশ পাওয়া গেছে। তার পরিচয় জানা যায়নি। নিহত তরুণীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর সিটিহাট এলাকায় একটি ডোবায় লাশভর্তি ড্রামটি পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে সিটিহাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিম দিকে রাজশাহীর আমচত্বর-কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডোবায় ড্রামের ভেতর থেকে একটি পা বের হয়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহমখদুম থানা পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা ঘটনাস্থলে যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠায়।
শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম খান বলেন, ‘নিহত তরুণীর পরিচয় পাওয়া যায়নি। লাশটির গলায় ওড়না পেঁচানো ছিলো। ধারণা করা হচ্ছে, অন্য কোন এলাকায় শ্বাসরোধে হত্যার পর লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল। মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কিনা তা পরীক্ষার জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় হত্যামামলা হচ্ছে।’




















