মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে মাস্ক পড়া নিয়ে দুইপক্ষের সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১০ জন। আহতরা হলো প্রবাসী জহিরুল ইসলাম (৩০), সৌরভ ( ২৬),শাকিব খান(২০),শামীম বয়াতী(৩৫), সাদ্দাম হাওলাদার (২৫),ও গুরুতর আহত বেল্লাল হাওলাদার (২৫) কে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
(১৬ এপ্রিল) শুক্রবার বিকেলে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে কোদালিয়া গ্রামের হাওলাদার বাড়ি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে মসজিদ থেকে বের হয়ে আসে মুসল্লীরা। এ সময় ওই এলাকার প্রবাসী জহিরুল ইসলাম ও লোকমান হোসেনের সাথে মাস্ক পড়া নিয়ে তর্কবিতর্ক হয়। তাদের দুজনের সাথে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে বিকেলে তাদের দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
রাজৈর থানার ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















