ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আবুল কাশেম (৫০) নামে এক কৃষক নিহত হয়েছে।
পাকশিমুল ইউনিয়নের তেলিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার মৃত মন্নাফ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবুল কাশেমের সঙ্গে চাচা ছিদ্দিক মিয়ার বিরোধ চলে আসছিল। তাদের বাড়িও পাশাপাশি। বৃহস্পতিবার কাশেমের ছোট বোন টুনি তেলিকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন শুকানোর জন্য খড় বিছাতে গেলে তাঁর চাচা ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনিরের বাকবিতন্ডা হয়।এরই জেরে সন্ধ্যায় ছিদ্দিক মিয়ার ছেলে আনোয়ার ও মনির লোকজন নিয়ে কাশেমের ওপর হামলা চালায়। এ সময় আনোয়ারের ছুরিকাঘাতে আবুল কাশেম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আবুল কাশেমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত আনোয়ার হোসেন ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
এ বিষয়ে সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















