বরগুনার আমতলীতে চলতি বছর অনাবৃষ্টির কারনে মুগডালের ফলন ভালো না হলেও বাজারে দাম ভালো থাকায় খুশি কৃষকরা। ভালো দামে বিক্রি করে লোকসান কাটিয়ে উঠার আশা করছেন উপজেলার কৃষকরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর এ উপজেলায় ১০ হাজার ২৫০ হেক্টর জমিতে মুগডাল চাষ করা হয়েছে। বিগত বছরের ন্যায় এ বছরও কৃষকদের আশা ছিলো ভালো ফলনের কিন্তু অনাবৃষ্টিতে সেই আশা তাদের নিরাশায় পরিণত হয়। অনাবৃষ্টির কারনে মুগ ডালের ফলন তেমন ভালো না হওয়ায় লাভতো দূরের কথা লোকসান কাটিয়ে উঠার চিন্তায় বিভোর চিলেন কৃষকরা। কিন্তু বাজারে ডালের দাম ভালো থাকায় লোকসান কাটিয়ে উঠতে পারবে বলে দাবী করেন একাধিক কৃষকরা। বর্তমানে কৃষকরা মুগডাল ঘরে তুলতে ব্যস্ত সময় পাড় করছে। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে কৃষকরা ক্ষেত থেকে ডাল তোলার কাজ শুরু করেছেন।
গতকাল (বুধবার) আমতলীর সাপ্তাহিক হাট ও আজ বৃহস্পতিবার গাজীপুর হাট- বাজারসহ উপজেলার বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, বর্তমানে বাজারে ৪০ কেজি চিকন মুগডাল ৩২’শ ও মোটা মুগডাল ২২’শ টাকায় বিক্রি হচ্ছে। স্থাণীয় ও দূর-দূরান্ত থেকে ফরিয়া ও মহাজনরা প্রতিটি হাট- বাজারে এসে কৃষকের উৎপাদিত এ ডাল কিনে নিয়ে যাচ্ছেন।
উপজেলার চাওড়া চন্দ্রা গ্রামের কৃষক শানু মিয়া ও উত্তর গাজীপুর গ্রামের ডাল চাষী মনির মুছুল্লী বলেন, এ বছর অনাবৃষ্টিতে মুগডালের ফলন ভালো না হলেও বাজারে দাম ভালো থাকায় এ বছর কৃষকদের লোকসান গুনতে হবে না।
আমতলী পৌর শহরের ডাল ব্যবসায়ী (মহাজন) সৈয়দ হোসেন রত্তন ও জাকির হোসেন বলেন, চলতি বছরের শুরুতে বাজারে মুগডালের দাম বেশী থাকায় কৃষকরা ভালোই লাভবান হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম মুঠোফোনে বলেন, এ বছর অনাবৃষ্টিতে মুগডালের ফলন অনেক খারাপ। কিন্তু বাজারে দাম ভালো থাকায় কৃষকদের লোকসান গুনতে হবে না।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















