ময়মনসিংহের ৬০০ জন পরিবহন শ্রমিক ও দুস্থ-অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মে) দুপুরে নগরীর শিল্পাচার্য জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার তুলে দেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সিটি মেয়র ইকরামুল হক টিটু ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
উপহার সামগ্রীর প্রতি প্যাকেটে ১০ কেজি চাল এবং এক কেজি করে ডাল, পেঁয়াজ, আলু ও লবণ দেওয়া হয়। করোনাকালে প্রধানমন্ত্রীর এ উপহার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি অসহায়-কর্মহীনরা। এ ধরনের মানবিক বিপর্যয়ে সহায়তার হাত বাড়িয়ে দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, দেশের প্রত্যেকটি জিনিসের দিকে সার্বক্ষণিক খেয়াল রাখেন প্রধানমন্ত্রী। তার ভাবনায় থাকে প্রত্যেক সাধারণ মানুষ। চলমান লকডাউনে পরিবহন সেবা বন্ধ। তিনি এই শ্রমিকের কথাও ভেবেছেন।
সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেন, করোনাকালীন গত বছর প্রধানমন্ত্রী সাধারণ মানুষের পাশে থেকেছেন, এবারও পাশে আছেন। তার দূরদর্শিতায় যেভাবে আমরাও করোনার প্রথম ধাপ অতিক্রম করেছি, এবারও খুব সুষ্ঠুভাবে পরিস্থিতি মোকাবিলা করতে পারব।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















