শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ এ স্লোগান নিয়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার দাউদকান্দি উপজেলার সরকারি খাদ্য গুদামে, কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সভাপতি ও দাউদকান্দি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন ।
এসময় আরো উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা সারোয়ার জামান, উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আসিফ সরদার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী রেজাউল মোল্লা, শাহিন আহমেদ, ও পাবলিক রিলেশন অফিসার সানি হাসান।
জানা যায়, দাউদকান্দি উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে বোরো মৌসুমে ১০৭০ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। প্রথম দিনে ৩ মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়। আনুমানিক ৬০০ জন কৃষকের কাছ থেকে এ ধান কেনা হবে।
সরকারি ভর্তুকিতে ধান কেনা কার্যক্রম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে দাউদকান্দি উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসকালীন দাউদকান্দি উপজেলার কৃষকরা যখন তাদের কাঙ্ক্ষিত ফসলের সঠিক মূল্য পাচ্ছে না, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে মাঠপর্যায়ের কৃষকদের থেকে ভর্তুকি মূল্যে ধান কিনে কৃষকদের সহযোগিতায় এগিয়ে এসেছেন সরকার।

আমি উপজেলা কৃষি বিভাগের সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি, যারা সঠিক কৃষক তারা যেন ধান বিক্রি করতে এসে কোন বিপাকে না পড়েন।
এ সময় তিনি আরো বলেন, কৃষিবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। সেই ধারাবাহিকতায় দাউদকান্দি উপজেলা কৃষি খাতের সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করার মাধ্যমে প্রধানমন্ত্রীর কৃষি উন্নয়নকে আরো বেগবান করেছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সারওয়ার জামান বলেন, দাউদকান্দি উপজেলায় সরকারি ভর্তুকি মূল্যে ধান ক্রয় করার জন্য যারা প্রকৃত কৃষক, তাদেরকে পর্যায়ক্রমে তালিকাভুক্ত করা হয়েছে। এবছর বেশিসংখ্যক কৃষক যেন এই কার্যক্রমের ফল ভোগ করতে পারে তাই প্রাথমিক পর্যায়ে সকলের কাছ থেকে ২ মেট্রিক টন করে ধান সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে ধান সংগ্রহ করার পরিমাণ বাড়বে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















