কুমিল্লায় সেনাবাহিনীর পক্ষ থেকে খাদ্য সহায়তা পেয়ে খুশি হতদরিদ্ররা। রোববার কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে জেলার আদর্শ সদর উপজেলার কমলাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে ১০৩টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনেই অত্যন্ত সুশৃঙ্খলভাবেই এ ত্রাণ তৎপরতা পরিচালনা করা হয়। এলাকার হতদরিদ্র পরিবার গুলোর তালিকা করে সঠিক ব্যক্তি এবং পরিবারের সদস্যদের হাতে এ সহায়তা পৌঁছে দেয় সেনা সদস্যরা।
সেনা বাহিনীর এমন সুশৃঙ্খল ত্রাণ বিতরণ দেখে বেশ প্রশংসা করে এলাকার সচেতন মহল। প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা, লবণসহ বিভিন্ন খাদ্য ও দ্রব্যসামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন কুমিল্লা সেনানিবাসের ৩৮ বীরের মেজর সাদীকুর রহমান, ক্যাপ্টেন সাদমানসহ অন্যান্য কর্মকর্তারা।
এ সময় ৩৮ বীরের মেজর সাদীকুর রহমান বলেন, দেশের যেকোনো দুর্যোগ এবং ক্রান্তিকালে সেনাবাহিনী জনসাধারণের পাশে দাঁড়ায়। করোনাভাইরাসের এ মহামারিতে অসংখ্য কর্মহীন পরিবার খাদ্য সংকটে রয়েছে। দেশের এই পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছে। সেনাবাহিনী অতীতের মতো আগামী দিনগুলোতেও অসহায় দুস্থ মানুষের পাশে থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















