ভারতে করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরো আট দিন বাড়ানো হয়েছে। আগামী ৩১ মে পর্যন্ত এটি কার্যকর থাকবে।
ভারতে অবস্থানরত যেসব বাংলাদেশিরা ভারতীয় হাইকমিশন থেকে দেশে ফেরার অনুমতি পাবেন তাদের কিউআর কোডসহ করোনার নেগেটিভ সনদ দেখিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন ইমিগ্রেশন কর্তৃপক্ষ। সেক্ষেত্রে নিজেদের খরচে ১৪ দিন কোয়ারিন্টিনে থাকতে হবে।
এর আগে প্রথম ধাপে গত ২৬ এপ্রিল থেকে ৯ মে পর্যন্ত ১৪ দিনের নিষেধাজ্ঞা ছিল। পরবর্তীতে দ্বিতীয় ধাপে ৯ থেকে ২৩ মে এবং তৃতীয় ধাপে ২৩ থেকে ৩১ মে পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করা হয়।
এদিকে ভারতফেরত কয়েকজন যাত্রী বলছেন, দেশে স্বাস্থ্যসেবা উন্নত হলে এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে ভারতে গিয়ে চিকিৎসা করানো দরকার হতো না। দেশের টাকা দেশেই থাকতো, মানুষের দুর্ভোগও কম হতো। করোনা থেকে শিক্ষা নিয়ে বিপদের সময় অতি জরুরি চিকিৎসা ব্যবস্থা আধুনিক করতে হবে।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, নতুন করে ৩১ মে পর্যন্ত ৮ দিন ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে যাদের দূতাবাসের ছাড়পত্র থাকবে তাদের যাতায়াতে বাধা নেই। ফেরত আসা যাত্রীদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর






















