মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কামতা গ্রামে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।
রবিবার (২৩ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক মনোয়ার হোসেন (৩৫) উপজেলার কামতা গ্রামের মৃত: বদর উদ্দিনের ছেলে।
উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর দেড়টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়ার কামতা গ্রামে অভিযান চালায় র্যাব-৪ এর একটি টিম। অভিযানে মনোয়ার হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে তার বাড়ি থেকে আটক করে র্যাব। এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের টুলবক্স থেকে ৮০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে তার মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
মনোয়ার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
বিজনেস বাংলাদেশ/বিএইচ



















