সারাদেশে চলছে তীব্র তাপদাহ। এই তীব্র তাপদাহে শুধু মানুষই অতিষ্ট নয় ক্ষতিগ্রস্থ হচ্ছে মৎস সম্পদ। তীব্র তাপদাহে অক্সিজেন সংকটের কারণে যশোরের অভয়নগরে কুমোর ঘাঁড়ে কৃষি ও মৎস্য প্রকল্পের প্রায় ৩৫ লাখ টাকার মাছ মরে গেছে। উপজেলার চলিশিয়া ইউনিয়নের বলারাবাদ গ্রামের বিলে এ ঘটনা ঘটে। এ অবস্থায় প্রকল্পের সদস্যরা প্রকল্প বাঁচাতে উপজেলা মৎস্য অফিসের মাধ্যমে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
আজ সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মৎস্য প্রকল্পের উচু অংশটি শুকিয়ে গেছে। নিচু অংশে বিভিন্ন প্রজাতির হজার হাজার ছোট-বড় মাছ মরে ভেসে রয়েছে। হাজার হাজার জীবিত মাছ প্রাণ বাঁচাতে পানির উপরে অক্সিজেন নেওয়ার চেষ্টা করছে। কিন্তু তীব্র খরায় মাছগুলো অল্প সময়ের মধ্যে মরে ভেসে উঠছে। ১৭৮ বিঘা জমিতে গড়ে তোলা মৎস্য প্রকল্পের সবত্র মরা মাছ ভেসে আছে।
এ ব্যাপারে প্রকল্পের সভাপতি কামরুল হাসান জানান, রবিবার দুপুরের পর থেকে মরা মাছ ভাসতে শুরু করে। সোমবার মৃত মাছের সংখ্যা কয়েক লাখে গিয়ে পৌঁছায়। আনুমানিক ৩৫ থেকে ৩৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। মরা মাছ মাটি চাপা দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রকল্পের সাথে জড়িত মৎস্য চাষিরা দিশেহারা হয়ে পড়েছে। প্রকল্পটি বাঁচিয়ে রাখার স্বার্থে সরকারি সহযোগিতা প্রয়োজন। অন্যথায় সদস্যরা নিঃশ্ব হয়ে পথে বসবে।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারুক হোসাইন সাগর জানান, যশোর জেলায় চলছে তীব্র তাপদাহ। এ পরিস্থিতির মধ্যে মৎস্য ঘেরে অতিরিক্ত পানি সরবরাহ করতে হবে। পানির প্রবাহ রেখে অক্সিজেন সরবরাহ ঠিক রাখতে হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















