চাঁদপুরের হাইমচরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন আরো ২জন। সোমবার (৩১মে) বিকেলে লক্ষীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারী বাড়ি এ ঘটনা ঘটে। নিহত শিশু হাইমচর উপজেলার নয়ানী লক্ষীপুর গ্রামের মিজান শেখের পুত্র রাকিবুল হাসান (১১)।
এ ঘটনায় শিশুকে বাঁচাতে গিয়ে একই বাড়ির হারিস খাঁন (৭০) ও রিনা বেগম নামে ২জন গুরুতর আহত হয়েছেন। আহতরা বর্তমানে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নয়ানী লক্ষীপুর গ্রামের আবুল খায়ের পাটওয়ারী বাড়ি সামনে রাস্তায় বৈদ্যুতিক তার গাছের সাথে লেগে থাকে। পথচারী শিশুটি গাছ স্পর্স করলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন শিশুটিকে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত রাকিবুল হাসান(১১) ৩ ভাই এর মধ্যে সবার বড়। রাকিবুল পশ্চিম ভিঙ্গুলিয়া হাফেজিয়া মাদরাসা শিক্ষার্থী। রাকিবুল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, দুপুরে বৃষ্টিতে একটি বৈদ্যুতিক তার ছিড়ে বাড়ির একটি গাছে পড়ে। ওই সময় শিশুটি খেলার ছলে গাছ হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছি।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















