ভারত লাগোয়া বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-৫ সংসদীয় আসন। এতে ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মৃত্যুতে ২ জুন আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ১৫ জুন এ আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ। সময় যত ঘনিয়ে আসছে উপনির্বাচনকে ঘিরে জেলাজুড়ে চলছে আলোচনা। কে পাবেন এ আসনের নৌকার মনোনয়ন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। দলীয় মনোনয়ন পেতে অন্তত তিন ডজন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সরকারি আমলা ও ব্যবসায়ী উপর মহলে লবিংসহ নানা দৌড়ঝাঁপ চালিয়ে যাচ্ছেন। মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই কৌশলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণায় সরব রয়েছেন। তবে সব প্রার্থীর বক্তব্য ‘নেত্রী যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই ঐক্যবদ্ধ হয়ে তারা কাজ করবেন।’ ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট ৫ বার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির দায়িত্ব পালনসহ দেশ ও এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে গেছেন। তফসিল অনুযায়ী ১৪ জুলাই এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















