টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও আকবর আলী ও আরিফুল ইসলামকে সঙ্গে নিয়ে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে জেতালেন মাহমুদউল্লাহ রিয়াদ। খেলাঘর সমাজ কল্যাণকে ৫ উইকেটে হারানোর দিনে অপরাজিত ৫৮ রান করেছেন গাজী গ্রুপের অধিনায়ক মাহমুদউল্লাহ। জয়ের জন্য ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই খেই হারায় গাজী গ্রুপ। ইনিংসের প্রথম দুই ওভারেই সাজঘরে ফেরেন দুই ওপেনার শেখ মেহেদি হাসান ও সৌম্য সরকার। এই দুজনই ফিরেছেন শূন্য রানে। শেখ মেহেদিকে ফিরিয়েছেন রনি চৌধুরি আর সৌম্যকে ফেরান মেহেদি হাসান মিরাজ। এরপর চারে নামা ইয়াসির আলী রাব্বিকে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুমিনুল হক। ৩৭ রানের জুটিতে শুরুর বিপর্যয় কিছুটা সামাল দেন তাঁরা দুজন।
তবে ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি রাব্বি। ১৫ বলে ২৪ রানের ইনিংস খেলে মিরাজের বলে ক্যাচ আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। রাব্বির বিদায়ের পর থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি মুমিনুল। ২০ বলে ২২ রান করে সৈয়দ খালেদ আহমেদের বলে আউট হয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
এরপর আকবর আলীকে নিয়ে জুটি গড়েন মাহমুদউল্লাহ। তাঁদের দুজনের জুটি থেকে আসে ৪১ রান। এবারের মৌসুমে বাজে সময় পার করা আকবর এদিন সাজঘরে ফিরেছেন ১৪ বলে ১৮ রান করে। এর মাঝে হাফ সেঞ্চুরি তুলে নেন অধিনায়ক মাহমুদউল্লাহ। ৪৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেয়া মাহমুদউল্লাহ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫৮ রানে। এ ছাড়া আরিফুল ইসলাম করেছেন ১০ বলে ১৭ রান। খেলাঘরের হয়ে দুটি উইকেট নিয়েছেন মিরাজ আর একটি করে উইকেট নিয়েছেন রনি ও খালেদ।
এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে মাসুম খানের ৩৭ বলে ৫৯, ফরহাদ হোসেনের ১৫ বলে ২০ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান তোলে খেলাঘর। গাজী গ্রুপের হয়ে দুটি উইকেট নিয়েছেন মুমিনুল আর একটি করে উইকেট নিয়েছেন মেহেদি, নাসুম আহমেদ ও মুকিদুল ইসলাম মুগ্ধ।
বিজনেস বাংলাদেশ/ এ আর

























