সিনেপ্রেমীদের জন্য আনন্দের খবর। আবার ব্যস্ত হতে চলেছে সিনেমা পাড়া। করোনা মহামারির কারনে ১৪ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলছে ঢাকার ঐতিহ্যবাহী ‘মধুমিতা’ সিনেমা হল। আগামী ২৫ জুন ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘নবাব এলএলবি’ ছবির মাধ্যমে খুলছে হলটি।
মধুমিতা হলের ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘শাকিব খানের ছবি ‘নবাব এলএলবি’ ছবি মুক্তি পাচ্ছে বলে মধুমিতা সিনেমা হল খুলে দেওয়া হচ্ছে। প্রতিদিন (দুপুর ১২টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৬টায়) তিনটি শো চলবে। স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ টিকিট ছাড়া হবে। ঈদুল আযহায় সিনেমা হলের পেছনে পশুরহাট বসার কারনে সিনেমা হল কয়েকদিন বন্ধ থাকার পর আবার ঈদের দিন থেকে খুলে দেওয়া হবে।’
‘নবাব এলএলবি’ ছবিটি দীর্ঘ পাঁচ মাস সেন্সর বোর্ডে নানাবিধ লড়াইয়ের পর গত বৃহস্পতিবার (১০ জানুয়ারি) ছাড়পত্র পেয়েছে। এ ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু।
২০২০ সালে দেশে করোনা ভাইরাসের কারণে লকডাউন ঘোষণা করা হলে বন্ধ হয়ে যায় সব সিনেমা হল। চলতি বছরের শুরুর দিকে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে বেশকিছু সিনেমা হল খুলে দেওয়া হয়। এরপর করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে সেইসব সিনেমা হলও বন্ধ হয়ে যায়।


























