গাজীপুর মহানগরীর যানজট নিরসনে রিংরোড নির্মাণে কোরিয়ান উন্নয়ন সংস্থার সাথে মেয়র একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন । প্রায় ৭০ কিলোমিটার দীর্ঘ এই রিং রোড নির্মাণের উদ্যোগ নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন। ১২ হাজার কোটি টাকা ব্যয়ে নগরীর চারপাশ জুড়ে ১২ লেনের এ রোডটি নির্মাণ করবে কোরিয়ান উন্নয়ন সংস্থা জিএস গ্লোবাল কর্পোরেশন।
গত বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের গাছা আঞ্চলিক কার্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষে সিটি মেয়র এডভোকেট মো. জাহাঙ্গীর আলম ও কোরিয়ান সংস্থা জিএস গ্লোবাল কর্পোরেশনের পক্ষে ভাইস প্রেসিডেন্ট মি. পার্ক গওয়া কেউন এ চুক্তিতে স্বাক্ষর করেন।
গাজীপুর সিটির মেয়র জানান, প্রায় ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ঢাকার আশুলিয়া থেকে গাজীপুরের ভাওয়াল মির্জাপুর-রাজেন্দ্রপুর-টঙ্গী হয়ে পূর্বাচল পর্যন্ত ৭০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পটি বাস্তবায়িত হলে নগরবাসী যানজটের ভোগান্তি থেকে যেমন রক্ষা পাবে তেমনি যোগাযোগ ব্যবস্থাও হবে সহজতর ।
প্রাথমিক পর্যায়ে প্রকল্পের ডিজাইন ও সম্ভাব্য সকল বিষয় যাচাই করার জন্য গাজীপুর সিটি করপোরেশন ও কোরিয়ান সংস্থা জিএস গ্লোবাল কর্পোরেশনের মধ্যে এ চুক্তি হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অর্থ বছর থেকে কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে ।
রিংরোড নির্মাণের এ প্রকল্পের কাজ আগামী তিন বছরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। একটি আধুনিক নগর গড়ার অংশ হিসেবে সড়কটি নির্মাণের জন্য সিটি মেয়র জাহাঙ্গীর আলম নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ।
এ সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের সময় মেয়রের সাথে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, প্রধান প্রকৌশলী আকবর হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মজিবুর রহমান কাজল উপস্থিত ছিলেন।




















