চলমান লকডাউনে কর্মহীন ও উপার্জনক্ষম হয়ে পড়া লক্ষ্মীপুরের প্রায় দুইশত মানুষ এর মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় হতদরিদ্র কৃষকদের প্রত্যেকের হাতে সাড়ে নয়শ’ টাকা করে আর্থিক প্রণোদনা তুলে দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জুলাই) দুপুরে জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে আনুষ্ঠানিকভাবে এসব উপহার সামগ্রী ও আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়।
সদর উপজেলা পরিষদের আয়োজনে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন। অতিথি হিসেবে ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো.আনোয়ার হোছাইন আকন্দ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাছুম মিয়ার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি এ.কে.এম.সালাহ্ উদ্দিন টিপু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সফিউজ্জামান ভূঁইয়া ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ।
লক্ষ্মীপুর সদর উপজেলা সূত্র জানায়, এবারের লকডাউনে উপজেলার সহস্রাধিক কর্মহীন অসহায়দের মাঝে ক্রমান্বয়ে প্রধানমন্ত্রীর খাদ্য উপহার সামগ্রী বিতরণ করা হবে। এদিন প্রায় দুইশত জনের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসব খাদ্য উপহারের প্রতিটি প্যাকেটে রয়েছে ১০ কেজি উন্নতমানের চাল, এক কেজি করে ডাল,এক লিটার তেল, ২ কেজি আটা, ১ কেজি চিনি, ১ কেজি লবন ও ১ প্যাকেট নুডুলস। এছাড়া এদিন ১১ জন হদরিদ্র কৃষককে প্রধাণমন্ত্রীর দেয়া আর্থিক প্রণোদনা তুলে দেয়া হয় বলে সূত্র জানায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাছুম মিয়া জানান, আনুষ্ঠানিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা ছাড়াও প্রতিদিন ৩৩৩ এ কলপ্রাপ্ত হয়ে তাদের ঠিকানায় গিয়ে এসব উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে। আজ এরকম ১৮ টি কল এ সাড়া দিয়ে বিতরণ করা হয়েছে।
এদিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি এড.নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি তাঁর বক্তব্যে বলেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সরকার কঠোর লকডাউন ঘোষণা করেছে। এ সময় নিম্ন আয়ের মানুষের উপার্জন কমে গেছে। তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী ত্রাণ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছেন। কোন মানুষ যাতে খাদ্যের অভাব না করে সেই জন্য বিভিন্নভাবে অসহায়দের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ




















