নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রেন নির্মাণকাজ করার সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে বন্দরের লক্ষণখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হৃদয় (৪০) ও দুলালী (৩৮)। গুরুতর আহত আরেকজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে।
এদিন দুপুরে দেয়ালচাপায় আহত হলে তাদেরকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেলে নেয়া হলে সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, দেয়ালচাপার ঘটনায় তিনজনকে হাসপাতালে আনা হলে দুজনকে ডাক্তার মৃত ঘোষণা করেন। আরেক জনকে গুরুতর অবস্থায় ভর্তি করা হয়েছে তার চিকিৎসা চলছে।
তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া চান মিয়া বলেন, ঠিকাদারের মাধ্যমে তারা ১১ জন নারায়ণগঞ্জ বন্দর থানার উত্তর লক্ষণখোলা এলাকার একটি স্কুল সংলগ্ন রাস্তার পাশের ড্রেনের মেরামত কাজ করছিলেন। ড্রেনে নেমে মাটি খনন করার সময় পাশের দেয়ালটি হঠাৎ তাদের উপর ধসে পড়ে। তাৎক্ষণিকভাবে তাদের দেয়ালের নিচ থেকে বের করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহত দুলালীর স্বামী আলতাফ হোসেন জানান, তারা স্বামী-স্ত্রী একসঙ্গে কাজ করছিলেন। দুপুরে কাজ করার সময় তার স্ত্রী দেয়ালের নিচে চাপা পড়েন। তাদের বাড়ি গাইবান্ধা সদর উপজেলার ঘাট লক্ষ্মীপুর গ্রামে।





















