কিশোরগঞ্জের কুলিয়ারচরে অজ্ঞাত পরিচয়ের এক পাগলীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ইসলাম উদ্দিন(৪৫) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাত পৌনে ২টার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজার-পোড়াদিয়া রাস্তার পাশে লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের স্বাধীন মিয়ার মুদির দোকানের সামনে একটি পরিত্যাক্ত চৌকির মধ্যে এই ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত ইসলাম উদ্দিন (৪৫) লক্ষ্মীপুর মধ্যপাড়া গ্রামের মৃত দুলা মিয়ার ছেলে বলে জানা যায়। মুদির দোকানদার স্বাধীন মিয়া (৫০) জানান, রাতে হঠাৎ দোকানের সামনে এক অপরিচিত পাগলীর চিৎকার শুনতে পাই।
কিন্তু একা দোকান থেকে বের হওয়ার সাহস হচ্ছিলো না। এমন সময় স্থানীয় আল-আমিন (৩২) নামের এক যুবক ইসলাম উদ্দিনকে অজ্ঞাত পরিচয়ের এক পাগলীকে ধর্ষণ করতে দেখে চিৎকার দিয়ে বলে ইসলাম এটা কি করিস, কি করিস এমন শব্দ পেয়ে দোকান খুলে বের হই এবং পাগলীকে বিবস্ত্র অবস্থায় দেখতে পাই, এ সময় ইসলাম উদ্দিনকে দৌড়ে চলে যেতে দেখি। প্রত্যক্ষদর্শী আল-আমিন (৩২) জানান, আমি রাতে পুকুর পাহারা দেই। হঠাৎ একটি প্রয়োজনে পুকুর থেকে বাড়ি যাওয়ার পথে স্বাধীনের মুদির দোকানের সামনে আসলে মৃদু চিৎকারের এক মহিলার শব্দ শুনতে পাই। পরে হাতে থাকা টর্চলাইট দিয়ে দেখি ইসলাম উদ্দিন পাগলীর উপরে উঠে ধর্ষণ করছে। তখন আমি চেচিয়ে কিরে ইসলাম এটা কি করছিস, বলতে ইসলাম উদ্দিন দৌড়ে পালিয়ে যায়। ধর্ষিতা পাগলী (৩০) রাতে তার উপর এক যুবকের নির্যাতনের কথা জানিয়ে বলেন, ওই যুবককে দেখলে চিনতে পারবে। এ সময় পাগলী আরো বলেন, আপনারা ওকে ধরে আনেন, আমি তাকে চড়িয়ে মেরে ফেলবো এবং সে তার বাড়ি কিশোরগঞ্জ বলে জানায়। এই ঘটনায় অভিযুক্ত ইসলাম উদ্দিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
তার বসত ঘরেও তালা ঝুলানো পাওয়া যায় এবং ঘটনার পর থেকে ইসলাম উদ্দিন পলাতক রয়েছে। এলাকাবাসী জানান, এর আগেও ইসলাম উদ্দিন এক মেয়েকে ধর্ষণ করলে মেয়টি গর্ভবতী হয়। পরে এলাকাবাসী ইসলাম উদ্দিনের সাথে ওই ধর্ষিতার বিয়ে দেয়। মেয়েটির সন্তান হওয়ার পরে সে মারা যায়। তার নামে এমন আরো অভিযোগ রয়েছে দাবী করে আল-আমিন, পাবেল, স্বাধীন, আক্কাছ ও জালালসহ অনেকেই পাগলী ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লম্পট ইসলাম উদ্দিনের কঠিন বিচার দাবী করেন। এই বিষয়ে কুলিয়ারচর থানার ওসি তদন্ত মো. মিজানুর রহমান বলেন, এই বিষয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। অভিযোগ আসলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।





















