রংপুরের মিঠাপুকুরে পুকুরের পানিতে ডুবে দুই জমজ ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই ভাই হলো- মো. হাসান ও মো. হোসাইন। তাদের বয়স ৯ বছর। তারা উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, জমজ দুই ভাই বাড়ির পাশে একটি পুকুরের ধারে নৌকায় চড়ে খেলা করছিল। এসময় হঠাৎ হাসান পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গেলে আরেক ভাই হোসাইনও পানিতে পড়ে যায়। সাঁতার না জানার কারণে তারা দুজনেই পানিতে ডুবে মারা যায়।
শিশু দুটির বাবা রবিউল ইসলাম জানান, তিনি ঠাকুরগাঁও জেলায় একটি মার্কেটিং কোম্পানিতে চাকুরী করেন। পরিবার নিয়ে তিনি সেখানেই বসবাস করেন। করোনার কারণে পরিবারসহ বাড়িতে অবস্থান করছেন। জমজ দুই সন্তানকে কোরআনের হাফেজ বানানোর স্বপ্ন ছিল তার।
বিষয়টি নিশ্চিত করে কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ঘটনাটি অত্যন্ত দু:খজনক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





















