ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। সন্ধ্যা ৭টার দিকে তার বাসায় র্যাবের গাড়ি প্রবেশ করে। এরপর পরীমনিকে সেই গাড়িতে নিয়ে যাওয়া হয়।
‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে চিত্রনায়িকা পরীমণির বাসায় অভিযান চালাচ্ছে র্যাব। অভিযানে অংশ নেন র্যাবের ভ্রাম্যমাণ আদালতের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটও। এরই মধ্যে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পাওয়া গেছে।
এর আগে দুপুরে র্যাবের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি। এ সময় র্যাবের পক্ষ থেকে পরীমনিকে তার বাসায় অভিযানের কথা জানানো হয়।কিন্তু তিনি লাইভে এসে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালানো শুরু করেন।
সূত্রে জানা গেছে, নায়িকা পরীমনি ও তার পরিচিত কয়েকজনের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও ব্ল্যাকমেইলের অভিযোগ পাওয়া গেছে। সেই অভিযোগের ভিত্তিতেই এ অভিযান। তবে পরীমনির বিরুদ্ধে এসব অভিযোগের বিষয়ে এখনও আনুষ্ঠানিক কিছু জানায়নি র্যাব।
পরীমনি দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছেন। কিছুদিন আগে ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি। সে ঘটনায় কয়েকজন গ্রেফতারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়েছেন। এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরীমনির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি রাজধানী থেকে পিয়াসা ও মৌ নামে দুই মডেল গ্রেফতার হয়েছেন। তাদের বাসায় বিপুল মদ ও ইয়াবা পাওয়া গেছে।
বিজনেস বাংলাদেশ/ প্রান্ত


























