জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে শহীদের আত্মার শান্তি কামনা করে করোনায় কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বৌদ্ধ যুব পরিষদ, সিলেট অঞ্চল। কেন্দ্রীয় বৌদ্ধ যুব পরিষদের মহাসচিব অধ্যাপক সরোজ বড়ূয়ার পৃষ্ঠপোষকতায় সিলেট অঞ্চলের প্রধান উৎফল বড়ুয়ার সভাপতিত্বে শনিবার নগরীর লামাপাড়া ঘাসিটুলা এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। অনুষ্ঠান উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব এ সময় বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো হৃদয়বান ও মানবিক নেতৃত্ব বিশ্ব ইতিহাসে খুবই বিরল। তিনি মানুষের প্রতি ভালোবাসাকে সর্বোচ্চ স্থান দিতেন। তাঁর রাজনীতির কেন্দ্রবিন্দু ছিল দেশ ও মানবপ্রেম। কর্মগুণে তিনি বিশ্ব ইতিহাসে স্থান করে নিয়েছেন। মানবকল্যাণে উৎসর্গীকৃত বঙ্গবন্ধু চিরদিন মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। বঙ্গবন্ধুর আদর্শকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারলেই দেশ একদিন সোনার দেশে পরিণত হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট -চট্টগ্রাম ফাউন্ডেশনের আহবায়ক শহিদুল ইসলাম, সমাজকর্মী হুমায়ুন কবির, আব্দুল মালেক, সাধন কুমার চাকমা, অংশপ্রু মারমা, ইঞ্জিনিয়ার রানা বড়ুয়া, পলাশ বড়ূয়া ও শিমুল বড়ূয়া।




















