পরকীয়ায় জড়ানোর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে এক বিধবা নারীকে মাথা ন্যাড়া করে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে তোলপাড় শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফেসবুকে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার বিকেলে রাশিদা বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
ভুক্তভোগী ওই নারীর (৪৫) বাড়ি বরিশালে। তবে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সুহিলপুরে একজনের সঙ্গে বিয়ের পর সেখানে বসবাস করছেন তিনি। অবশ্য তার স্বামী মারা গেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, স্বামী মারা যাওয়ার পর উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের মেরাজুলের (৩৫) সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই নারী। বিষয়টি মেরাজুলের স্ত্রী তানজিনা আক্তার জানতে পারেন এবং এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া হতো। গত ২২ জুলাই ওই নারীকে মোবাইল ফোনে তার বাবার বাড়ি আসতে বলেন তানজিনা আক্তার। পরে সেখানে গেলে তানজিনা ও তার বোন রাশিদাসহ আরও কয়েকজন মিলে ওই নারীকে মারধর করেন এবং ব্লেড দিয়ে মাথা ন্যাড়া করে দেন। এ সময় ঘটনাটি তারা ভিডিও করে রাখেন। বৃহস্পতিবার ফেসবুকে সেই ভিডিও ছেড়ে দেয়া হয়।
সরাইল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন জানান, ঘটনাটি জানতে পেরে অভিযান শুরু করে পুলিশ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে তানজিনার বোন রাশেদা বেগমকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জড়িত অন্যদের গ্রেফতারে পুলিশি তৎপরতা চলছে।




















