দেশের জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসছেন। বৃহস্পতিবার রাজধানীর রাজারবাগের একটি কমিউনিটি সেন্টারে তাদের বিয়ের অনুষ্ঠান।
অপূর্ব নিশ্চিত করেছেন, তার হবু স্ত্রীর নাম শাম্মা দেওয়ান। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। তার পৈতৃক নিবাস ঢাকার লালমাটিয়ায়। জন্ম ও বেড়ে ওঠা আমেরিকায়ই।
তিনি জানান, তাদের দুই পরিবারের সিদ্ধান্তেই বিয়ে হচ্ছে। করোনার কারণে ইচ্ছে থাকলেও খুব বড় পরিসরে কোনো আয়োজন করেননি অপূর্ব।
এদিকে তৃতীয় বিয়ে নিয়ে চলছে সমালোচনা। অনেক কানাঘুষাও হচ্ছে শোবিজে। এ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘চুরি বা ক্রাইম নয়, বিয়ে করতে যাচ্ছি। এটি পবিত্র একটি বিষয়। এটা নিয়ে সমালোচনা বা কানাঘুষা কেন হবে বুঝতে পারছি না। সবার কাছে দোয়া চাই নতুন জীবনের জন্য।’
‘বিয়ে নিয়ে লুকোচুরির কিছু নেই। আমার পরিকল্পনা ছিল বিয়ের অনুষ্ঠানে মিডিয়ার সবাইকে দাওয়াত করবো। কিন্তু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। পরে ভাবলাম বিয়ের পরদিন (৩ সেপ্টেম্বর) মিডিয়ার বন্ধুদের সঙ্গে বসে পুরো খবরটি আনুষ্ঠানিকভাবে জানাবো। কিন্তু সেটাও হলো না। তার আগেই কেউ এটাকে ভুল তথ্য দিয়ে ছড়িয়ে দিয়েছেন’- যোগ করেন ‘বড় ছেলে’খ্যাত এ অভিনেতা।
প্রসঙ্গত, অপূর্ব প্রথম বিয়ে করেছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে। ২০১০ সালের সেই বিয়ে ২০১১ সালে ভেঙে যায়। এরপর ওই বছরই নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব।
এ সংসারে আয়াশ নামে একটি পুত্রসন্তান রয়েছে তার। ২০২০ সালে অদিতির সঙ্গেও সংসারের ইতি টানেন অপূর্ব।

























