টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ৭৩ বস্তা চাল পাচারের অভিযোগে দুই জন কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (৮ নভেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে ৭৩ বস্তায় ২.২ মেট্রিক টন সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে র্যাব। এ সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল(৬০) ও একই উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেল(২৮)।
র্যাব জানায়, সোমবার রাত সাড়ে ১১টায় সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল ছিলিমপুর বাজারে অভিযান চালায়। অভিযানে র্যাব সদস্যরা ছিলিমপুর বাজারের সেকান্দরের পাটের গুদামের ভিতর থেকে (পাচারের উদ্দেশ্যে রাখা) ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্ধ করে। এ সময় পাচারের জন্য মিনি ট্রাকে রাখা ৫০ বস্তাসহ মোট ৭৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করে।
র্যাব জানায়, অভিযানকালে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আব্দুল আজিজ মন্ডল ও মো. সোহেলকে গ্রেফতার করা হয়। পরে তাদের নামে মঙ্গলবার (৯ অক্টোবর) সকালে দেলদুয়ার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরে আসামীদের দেলদুয়ার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি সাজ্জাদ হোসেন জানান, আসামীদের দুপুরে আদালতে তোলা হয়। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















