উপজেলায় ইউপি নির্বাচনে আনারস প্রতীকের পক্ষে এজেন্ট থাকায় শরীফ খালাসীকে (৩৫) কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনটি ঘটেছে উপজেলার বাজিতপুর ইউনিয়নের মাচ্চর গ্রামে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৬ তারিখ চতুর্থ ধাপে উপজেলার ৬ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন বাজিতপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রে আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম হাওলাদারের পক্ষে এজেন্ট ছিলেন শরীফ। বৃহস্পতিবার বিকেলে সাধুরব্রিজ এলাকায় আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তিনি। এসময় নির্বাচনী জের ধরে সান্টু খালাসির বাড়ির সামনে আসলে সান্টুর নেতৃত্বে ৫/৬ জন তার উপর হামলা চালায়। একপর্যায়ে শরীফকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। পরে স্থানীয় কয়েকজন নারীরা তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে এনে ভর্তি করে।
এ ব্যাপারে শান্টু খালাসী অভিযোগ অস্বীকার করে জানান, যে সময়ে এই ঘটনাটা ঘটেছে, ঠিক ওই সময় আমি ছিলাম টেকেরহাট। এ বিষয়টা আসলে আমি কিছু জানি না। শরীফ আমার সম্পর্কে চাচাতো ভাই। আমি ওকে কেন মারবো। তবে আমি একটা অংশের কিছুটা নেতৃত্ব দেই। হয়তো এই জন্য ওরা আমার নামটা এভাবে বলছে। তবে ওরে যারা মারছে, কিল-ঘুষি দিছে তারা শরীফ এবং আমার দুইজনেরই আপন জন।
ওসি মো. শেখ সাদীক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















