নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে এসিড দিয়ে ঝলসে দেয় তার স্বামী। আহত রোজিনা আক্তার (৩৭) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ৮ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় (৩ এপ্রিল) রোববার ভোরে মৃত্যুবরণ করেন।
এর আগে রোববার (২৭ মার্চ) রাতে মিজমিজি পাইনাদী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুল ছামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
অভিযুক্ত জহিরুল ইসলাম (৪৭) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী এলাকার আলাউদ্দিনের ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার তদন্তণাধীন কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল বলেন, আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত রোজিনার ভাই রানা জানান, তার দুলাভাই জহিরুল ইসলাম গত (২৭ মার্চ) রাতে নেশা করার কথা বলে তার বোনের কাছে টাকা চায়। টাকা না দেওয়ায় সে আমার বোনের শরীরে এসিড নিক্ষেপ করে এবং শরীরে কেরোসিন দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। আমার বোন দীর্ঘ ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ভোরে মারা যান। আমি আমার বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান জানান,এ ঘটনায় থানায় মামলার ৪৮ ঘন্টার মধ্যে আমরা অভিযুক্ত আসামি জহিরুল ইসলাম (৪৭) কে আড়াইহাজারের গোপালদী এলাকা থেকে গ্রেফতার করি। গ্রেফতারের পরদিনই তাকে আদালতে পাঠানো হয়। তার স্ত্রীর গায়ে এসিড নিক্ষেপের সময় অভিযুক্ত আসামিও আহত হয়। সেজন্য আদালত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার চিকিৎসা করানোর নির্দেশ দেন। অভিযুক্ত আসামি এখন পুলিশ প্রহরায় সেখানে ভর্তি আছে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















