মহান মে দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম ২৯ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত বন্ধ থাকবে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা জামান স্বাক্ষরিত এক চিঠিতে সোনাহাট স্থলবন্দর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তাকে এ বিষয়ে অবগত করা হয়েছে।
সোনাহাট স্থলবন্দর কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সরকার রকীব আহমেদ জুয়েল জানিয়েছেন, এ স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার বিষয়টি সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক), বিজিবির সোনাহাট ক্যাম্পের কমান্ডার, সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতি এবং ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার গোলকগঞ্জ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের জানানো হয়েছে।
ছুটি শেষে আগামী ৮ মে সোনাহাট স্থলবন্দর দিয়ে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।




















