নরসিংদীতে মোহাম্মদ জব্বর মিয়া (৫০) নামের এক ব্যক্তিকে উপর্যুপরি কুপিয়ে আহত করার ঘটনায় মামলার পর তার ছেলে ও ভাতিজাকেও তুলে নিয়ে উপর্যুপরি কোপানো হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
জব্বর মিয়াকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর নরসিংদী মডেল থানায় মামলা করে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে রায়পুরার আমিরগঞ্জের হাসনাবাদ এলাকার ছন্দা সিনেমা হলের সামনে থেকে তাদের দুজনকে তুলে নেয় ১০ থেকে ১২ জন। পরে পার্শ্ববর্তী আদিয়াবাদ এলাকার নির্জন একটি বিলের ধারে নিয়ে হাত, পা ও মুখ বেঁধে উপর্যুপরি কুপিয়ে তাদের রেখে চলে যায়।
পরে আহতদের একজন মুঠোফোনে কল করে স্বজনদের ঘটনা জানালে পুলিশের সহযোগিতা নিয়ে রাত ২টার দিকে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
আহত দুজন হলেন সদর উপজেলার চরাঞ্চল আলোকবালী ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ জব্বর মিয়ার ছেলে আমিরুল মিয়া (২৪) ও ভাতিজা এমরান হোসেন (১৭)।
তাদের দুজনের শরীরের অন্তত ২০ থেকে ২৫ জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এ সময় আঙুল দিয়ে গলিয়ে দেওয়ায় এমরানের ডান চোখ পুরোপুরি নষ্ট ও আমিরুলের বাম চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছেন তাদের পরিবারের সদস্যরা। তারা দুজন বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।




















