পানি বৃদ্ধির ফলে পদ্মানদীতে বেড়েছে স্রোত। স্রোতের তীব্রতার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার(২৬ মে) সকাল থেকে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। বাংলাবাজার ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া ফেরিগুলো পদ্মাসেতু অতিক্রম করতে গিয়ে প্রবল স্রোতের মুখে পরছে। এছাড়া স্রোতের তীব্রতায় নদীতে দেয়া দিকনির্দেশনামূলক বয়া ভেসে গেছে। সব মিলিয়ে দূর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে ফেরি চলাচল। বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিকে হঠাৎ ফেরি চলাচল বন্ধ হওয়ায় বাংলাবাজার ঘাটে প্রায় শতাধিক ছোট গাড়ি আটকে পড়েছে। তবে মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে ঘাট সূত্র নিশ্চিত করেছে। বাংলাবাজার ঘাটে আটকে থাকা যানবাহন মাঝিরকান্দি রুটে যাচ্ছে বলেও জানা গেছে।
এদিকে বাংলাবাজার ঘাট সূত্র জানায়, বাংলাবাজার ঘাট বন্ধ থাকলেও মাঝিরকান্দি রুট দিয়ে ৬ টি ফেরি চলছে। রাতে সেখানে ফেরি চলাচল অব্যাহত থাকবে।’
শফিকুল ইসলাম নামের এক প্রাইভেটকার চালক বলেন,’সকালে ঘাটে এসে দেখি ফেরি বন্ধ। বিকল্প রুট হিসেবে মাঝিরকান্দি ঘাটের উদ্দেশ্যে যাচ্ছি; দেখি পাড় হতে পারি কিনা।’
বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন আহমেদ জানান, গত কয়েকদিন ধরে সীমিত সংখ্যক ফেরি দিয়ে জরুরি সেবার যানবাহন ও ছোট গাড়ি পারাপার করা হচ্ছিল। বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে শিমুলিয়া ঘাট থেকে কুঞ্জুলতা ও রোকেয়া নামে দুইটি ফেরি বাংলাবাজার ঘাটে আসে। পরে যানবাহন লোড করে ফেরিগুলোকে শিমুলিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়। পদ্মা পাড়ি দেবার সময় সেতুর কাছাকাছি তীব্র স্রোতের মুখে পড়ে ফেরি দুটি।’
তিনি আরও জানান,’ নৌ দুর্ঘটনা ও পদ্মা সেতুর নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।’
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















