মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরের মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে পিতা গফুর মিয়া (৫৫) নিহত হওয়ার ঘটনায় পালিয়ে যাওয়া ঘাতক পুত্র জহিরুলকে সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (০১ জুন) সন্ধ্যা ৬টায় উপজেলার শমসেরনগর ইউনিয়নের সীমান্তবর্তী ডাবলছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিতাকে খুন করার ৭২ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় কমলগঞ্জ থানা পুলিশ।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র শেখর দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি জহিরুলকে ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার চেষ্ঠাকালে ডাবলছড়া বাগানের বাজার এলাকা থেকে তাকে নগ্রেফতার করা হয়েছে। এরপূর্বে বড় বোন মরিয়ম বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেছিলেন বলেও জানান তিনি।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, ঘটনার পর থেকে পুলিশ বিভিন্ন জায়াগায় অভিযান পরিচালনা করে এবং বিভিন্ন সীমান্ত এলাকায় নজর রাখে। ১ জুন সে ডাবলছড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাবার সময় তাকে গ্রেফতার করা হয়েছে।
উল্লেখ্য গত (২৯ মে) রবিবার রাত সাড়ে ১২টার দিকে আদমপুরের কেওয়ালীঘাট গ্রামে ছেলে জহিরুল ইসলাম (৩১) শাবল দিয়ে আঘাতে করার পর বাবা মা দু’জনকে গুরুতর আহত করলে হাসপাতালে নেওয়ার পথে পিতা গফুর মিয়া মারা যান। নিহত গফুর মিয়া ঔ গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র ছিলেন। ঘটনার পর থেকে ছেলে জহিরুল পলাতক ছিল।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















