জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মশিউর রহমান বলেছেন এ প্রজন্মের শিক্ষার্থীদের শুধু দেশের অভ্যন্তরে নয় বহির্বিশ্বের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগীতায় টিকে থাকতে হবে। আগামীর পৃথিবীতে টিকে থাকতে হলে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হবে। সেই প্রস্তুতি এখন থেকেই নিতে হবে, অন্যথায় প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা যাবে না।
তিনি শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি রিসোর্টে গাজীপুর সিটি কলেজের ১৫ বছর পূর্তি উপলক্ষে প্রথম পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা ও বিপণন দপ্তরের পরিচালক আ. মালেক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক তোফায়েল আহমেদ, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ এর অধ্যক্ষ মাসুদা সিকদার, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. আমীর হোসাইন রাহাত, গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল খন্দকার আমিনুল হক টুটুল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আরিফুর রহমান খান, গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ার সাদাত, বর্তমান সভাপতি মো. শফিকুল ইসলাম, অধ্যক্ষ নাসির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
অনুষ্ঠানে বর্তমান ও সাবেক শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে বিকেলে জমকালো মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















