‘প্রকৃতি বাঁচাও, প্রাণবিক ধরিত্রী গড়ো’ এই স্লোগানে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন আখাউড়া প্রকৃতি ও পরিবেশ ক্লাবের উদ্যোগে রোববার সকালে পৌরশহরের কলেজ পাড়া থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীরমুক্তিযোদ্ধা এড. সিরাজুল হক পৌর মুক্ত মঞ্চের সামনে পথসভা করে। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকৃতি ও পরিবেশ ক্লাবের উপদেষ্ঠা, সুপ্রীম কোর্টের আইনজীবি আকসির এম. চৌধুরী, ক্লাবের আহবায়ক সাংবাদিক রুবেল আহমেদ, সদস্য সচিব রকিব উদ্দিন ও সাংবাদিক মোহাম্মদ আবির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আখাউড়ার তিতাস, হাওড়া নদী এবং জাজি খাল এক সময় খরস্রোতা ছিল। খনন ও সংস্কারের অভাবে এবং ময়লা আবর্জনা আর প্লাস্টিক বর্জ্যে নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে। এসব প্লাষ্টিক বর্জ্য একশ বছরেও মাটির সাথে মিশবে না বরং মাটিকে দুষিত করছে এবং পানি প্রবাহে বিঘ্ন ঘটছে। প্রকৃতিকে স্বাভাবিক রাখতে হলে মাটি, পানি এবং বায়ু এই তিনটি উপাদানকে সঠিক ভাবে পরিচর্যা করতে হয়। তানাহলে মানুষ, প্রাণীকূল অর্থাৎ জীব বৈচিত্র ধ্বংসের মুখে পতিত হবে। বক্তারা এসব নদী খনন ও সংস্কার করে মূল স্রোতধারায় ফিরিয়ে আনার দাবী জানান। পরিবেশ সংরক্ষণের ব্যপারে সবাইকে সচেতন হওয়ার আহবান করেন এবং অপরিকল্পিতভাবে স্থাপনা না করার অনুরোধ করেন।
বিজনেস বাংলাদেশ/ এ আর




















