একটা সময় ছিল যখন সিনেমার পাশাপাশি প্রিয় তারকার নাটক দেখার জন্য সন্ধ্যার পর টিভি সেটের সামনে মন্ত্রমুগ্ধের মতো বসে যেত অনেকেই। কাহিনিনির্ভর নাটক যেমন দেখত, ঠিক সেভাবেই প্রিয় তারকার নাটকের জন্যও মুখিয়ে থাকত। প্রিয় তারকাদের নাটক দর্শকের মনে তপ্ত গরমে এক পশলা বৃষ্টির মতো সুখ এনে দিত।
প্রযুক্তিগত কারণে বিনোদন মাধ্যমে এসেছে বৈচিত্র্য। বেড়েছে টিভি চ্যানেলের সংখ্যা। সেই সঙ্গে নাটকে দেখা যায় অসংখ্য নতুন মুখ। তবে কালের বিবর্তনে অতীতের চিরচেনা মুখগুলোকে এখন আর পর্দায় দেখা যায় না। তারা যেন পর্দার আড়ালে থাকতেই পছন্দ করেন এখন।
নব্বই দশকের জনপ্রিয় তারকা শমী কায়সারকে কালেভদ্রে অভিনয়ে দেখা গেলেও এখন একেবারেই অনিয়মিত তিনি। অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। নাটকের জনপ্রিয় এই তারকার ‘যুদ্ধশিশু’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা থাকলেও পরে ওই সিনেতে আর নিজেকে জড়াননি। তিনি ব্যবসায়ীদের সংগঠন, সেই সঙ্গে রাজনীতি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন।
জনপ্রিয় ও দক্ষ অভিনয়শিল্পী বিপাশা হায়াত। নিজের অভিনয়ে দর্শক গ্রহণযোগ্যতায় মাইলফলক স্পর্শ করেছিলেন। বর্তমানে চিত্রশিল্পের ও নাটক রচনার কাজ করলেও অভিনয়ের খবরের শিরোনামে তাকে এখন আর দেখা যায় না।
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মেয়ে শীলা আহমেদ। টেলিভিশনে আগমন তার ‘বহুব্রীহি’ নাটকে শিশু অভিনেত্রী চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে। ‘কোথাও কেউ নেই’, ‘ওইজা বোর্ড’ ‘নিমফুল’ নাটকে তার অভিনয় এখনো দর্শকের মনে দাগ কেটে আছে। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। ‘আজ রবিবার’ নাটকের পর থেকে তাকে আর অভিনয়ে দেখা যায়নি।
নতুন কুঁড়ি থেকে প্রস্ফুটিত ফুল হয়ে সুবাস ছড়ানো জনপ্রিয় অভিনেত্রী সাবরিনা সাকা মীম। নাচ, গান, অভিনয় তিনটিতেই সেরা। টিভি নাটক, ম্যাগাজিন অনুষ্ঠানে প্রায়ই দেখা যেত তাকে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় মীমের গতিপথ। সংসার সামলানোর পাশাপাশি একটি বেসরকারি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপিকা হিসেবে নিযুক্ত আছেন।
এই শতকের শূন্য দশকের টিভি নাটকে ইপ্সিতা শবনম শ্রাবন্তী ছিলেন অনেক জনপ্রিয়। বেশ কিছু টিভিসি তাকে এনে দিয়েছিল আরও বেশি জনপ্রিয়তা। ‘রং নম্বর’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে এই টিভি অভিনেত্রীর অভিষেক হয় চলচ্চিত্রে। ধীরে ধীরে অভিনয় থেকে নিজেকে দূরে সরিয়েছেন। দুই মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন।
তিন বা চার বছর বয়সে অভিনয় শুরু করেছিলেন তনিমা হামিদ। ব্যক্তিগত জীবনে তনিমা হামিদ সংবাদ উপস্থাপক শামসুদ্দিন হায়দার ডালিমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে ‘অরনিভ’ নামে একটি পুত্রসন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন হলো আর অভিনয়ে নেই।
অভিনয়ের পাশাপাশি একটি মোবাইল সিম কোম্পানির বিজ্ঞাপন দিয়ে রাতারাতি আকাশচুম্বী জনপ্রিয়তা পেয়েছিলেন শ্রাবন্তী দত্ত তিন্নি। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে তিনি বেশি আলোচিত ছিলেন। মাঝে নাটকে দেখা গেলেও নিয়মিত হননি আর। জানা যায়, বর্তমানে একমাত্র মেয়ে ওয়ারিশাকে নিয়ে কানাডার মন্ট্রিলে রয়েছেন।
বিউটি কন্টেস্ট থেকে এসে নাটক বিজ্ঞাপন, ও চলচ্চিত্র জগতে শক্ত অবস্থান গড়েছিলেন বিন্দু। ক্যারিয়ারের মাঝপথে বিয়ে করে সংসারী হয়ে যান। এরপর থেকেই আড়ালে চলে যান বিন্দু। মিডিয়ার কোথাও এখন আর দেখা যায় না বিন্দুকে।
আপনাদের কি জনপ্রিয় ‘কথা বন্ধু মিথিলা’ নাটকের অভিনেত্রী প্রিয়াংকা অগ্নিলা ইকবালের কথা মনে আছে? এখন হয়তো অনেকের তার কথা মনে পড়বে আবার অনেকে ভাববেন কে এই অগ্নিলা? মিডিয়ায় অনিয়মিত হওয়ার কারণে অনেকেই তাকে ভুলতে বসেছেন। অসংখ্য টিভি নাটকের পাশাপাশি টিভিসি ও মিউজিক ভিডিওতে পারফর্ম করেছেন। এখন আর অভিনয়ে দেখা যায় না তাকে। বর্তমানে কানাডা ও ঢাকা উভয় স্থানে বসবাস করেন অগ্নিলা।
একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মিলা হোসেন অনেক আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। অভিনয় ছেড়েছেন রিচি সোলায়মান, শান্তা ইসলাম, লুৎফুন নাহার লতা,আলভি, সুরাইয়া হুদা রাত্রী, হুমায়ূন আহমেদের আবিষ্কার হোসনে আরা পুতুল, কুমকুম হাসান, রাখি, লাক্সতারকা হাসিন রওশন জাহান, তমালিকা কর্মকারসহ অনেক তারকাই। এখন মিডিয়ার কোনো কাজ কিংবা খবরের শিরোনামে নেই তারা।
একসময় দাপিয়ে কাজ করে বেড়ানো অভিনয়শিল্পীদের অনেকে এখন সংসার-সন্তান, রাজনীতি ও অন্যান্য ব্যক্তিগত কারণে ব্যস্ত হয়ে পড়ায় একের পর এক হারিয়ে যাচ্ছেন শোবিজ থেকে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























